শহিদুল ইসলাম, বিশ্বম্ভরপুর ::
কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনিক এলাকায় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ ছকিনা আক্তার।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। মেলায় উপজেলার কৃষক, উদ্যোক্তা ও কৃষি যন্ত্রপাতি কোম্পানির ১২টি স্টল অংশ নিয়েছে। এখানে ধান, সবজি, মাছ চাষ, জৈব সার ও আধুনিক সেচ প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান,বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্যাহ ভূঁইয়া,বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের কৃষক ও কৃষাণীরা।
উপজেলা নির্বাহী অফিসার মিজ সাকিনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে টেকসই কৃষির জন্য নতুন প্রযুক্তি জানা জরুরি। এই মেলা থেকে কৃষকরা উপকৃত হয়ে ফসলের উৎপাদন বাড়াতে পারবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আগামী ৩ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কৃষকদের জন্য বিনামূল্যে পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
